ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: কমিশনের লোভ দেখিয়ে সাইবার প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার অভিযোগে নদিয়ার তেহট্টে চাঞ্চল্য। ডেপুটি ম্যানেজার সহ মোট আটজন ব্যাংক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল থেকে তেহট্ট মহকুমার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতেরা বেতাই ও নাজিরপুরের বন্ধন ব্যাঙ্কের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যাংক কর্মীরা কমিশনের বিনিময়ে সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া দিত। শুধু তাই নয়, বিপুল পরিমাণ টাকা একটি অ্যাকাউন্টে না রেখে বিভিন্ন অ্যাকাউন্টে ঘুরিয়ে ফিরিয়ে রাখত তারা। এই কাজের জন্য তারা বিভিন্ন তরুণ-তরুণীদের লোভ দেখিয়ে অ্যাকাউন্ট খুলত। সাইবার ক্রাইম বিভাগ মোবাইল ও লেনদেনের হিসেব খতিয়ে দেখে এই চক্রের সন্ধান পায় এবং ধরপাকড় চালায়। ধৃতদের আজ তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মূল চক্রীর সন্ধান জানার চেষ্টা করছে। এর আগেও তেহট্ট মহকুমা এলাকায় ৩৭ জনকে সাইবার ক্রাইম বিভাগ চিহ্নিত করেছিল। এবার সরাসরি যুক্ত থাকার অভিযোগে আটজন ব্যাংক কর্মীকে গ্রেফতার করায় চাঞ্চল্য ছড়িয়েছে।








