ব্যুরো নিউজ, ২৬ জুন ২০২৬ : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বারাবনিতে ঘটে যাওয়া ভোট-পরবর্তী হিংসার ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। এই মামলায় বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ এবং তাঁর ভাই, পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বজিৎ সিংহকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে প্রভাবশালী নেতা অসিত সিংহের ‘ডান হাত’ আকবর আলমকেও আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে অসিত সিংহ ও বিশ্বজিৎ সিংহকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, আকবর আলমকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই তিনজনের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়ানোর পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন ছিল। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, এই গ্রেপ্তারের ফলে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে। একই মামলায় আরও কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক। তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে বারাবনি সহ আসানসোলের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাখছে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল।






