বারাসতে প্রাক্তন তৃণমূল নেতার বাড়িতে জনরোষ, ব্যাপক ভাঙচুর

বারাসতে প্রাক্তন তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়িতে জনরোষ, ব্যাপক ভাঙচুর। তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার অরুণ ভৌমিকের বাড়িতে উত্তেজিত জনতার হামলা।

Share:

ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৬ : উত্তর ২৪ পরগনা জেলার বারাসত পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান, পুর প্রধান পরিষদ সদস্য এবং বারাসত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিকের বাড়ি ও দলীয় অফিসে সোমবার সন্ধ্যায় একদল উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় অরুণ ভৌমিকের নবপল্লীর বাড়িতে তার স্ত্রী ও এক আত্মীয় উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, শতাধিক দুষ্কৃতী অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়িতে হামলা চালায় এবং কাঁচের দরজা, জানালা, আসবাবপত্র, এলসিডি টিভি, সিসিটিভি সহ ফুলের গাছ ও গৌতম বুদ্ধের মূর্তি ভাঙচুর করে। অরুণ ভৌমিকের স্ত্রী পুলিশকে ফোন করলেও দীর্ঘক্ষণ সাড়া পাননি বলে অভিযোগ করেছেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি নিজের বাড়িতে সুরক্ষিত থাকার জন্য পুলিশি প্রহরার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, রাজ্যের পালাবদলের পর মে মাসের প্রথম সপ্তাহে তোলাবাজি ও খুনের অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার হন অরুণ ভৌমিক। বর্তমানে তিনি দমদম সেন্ট্রাল জেলে বিচারাধীন বন্দিএই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত ১৫ বছরে অরুণ ভৌমিকের রাতারাতি অর্থনৈতিক উত্থান রীতিমতো চোখে পড়ার মতো। তৃণমূল সরকার থাকাকালীন এলাকায় সিন্ডিকেট রাজ, তোলাবাজি, মারধর এমনকি খুনের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। টালি চালার বাড়ি থেকে প্রাসাদোপম বাড়ি নির্মাণ এবং কোটি কোটি টাকার সম্পত্তির উৎস নিয়ে এদিন সন্ধ্যায় জনরোষ আছড়ে পড়ে। সরকার বদল হতেই মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের আগুন ফেটে পড়ে বলে মনে করা হচ্ছে। অরুণ ভৌমিকের বিরুদ্ধে প্রোমোটারদের ধমকে টাকা তোলার অভিযোগও রয়েছে।