বারাসত মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ: স্বাস্থ্যমন্ত্রীর কড়া তদন্তের নির্দেশ, চাঞ্চল্য হাসপাতাল মহলে

বারাসত মেডিকেল কলেজে MSVP-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। ফাইল সরানো ও পরিষেবা সংক্রান্ত অভিযোগ ঘিরে চাঞ্চল্য।

Share:

ব্যুরো নিউজ, ৭ অক্টোবর ২০২৬: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতালের MSVP-র বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এই নির্দেশের পর থেকেই হাসপাতাল এবং স্বাস্থ্য মহলে জোরদার আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, গত দুদিন আগেই বারাসাত শহরজুড়ে হাসপাতালকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক পোস্টার পড়েছিল। সেই পোস্টারগুলিতে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে গুরুতর অভিযোগ সামনে আনা হয়।

এর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে নেওয়ার অভিযোগ, হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন, এবং রোগীদের পরিষেবা সংক্রান্ত নানা অব্যবস্থা। এই অভিযোগগুলি প্রকাশ্যে আসার পরেই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের দাবি ওঠে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অভিযোগের তালিকা প্রকাশ্যে আসার পরেই বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি এই সমস্ত অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, চলতি মাসেই বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। সেই পরিদর্শনের পর হাসপাতালের পরিষেবা ও কর্মীদের দায়িত্ব পালনের বিষয়ে একাধিক পদক্ষেপের খবর সামনে এসেছিল। এখন নতুন করে MSVP-র বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলির তদন্তে কী তথ্য উঠে আসে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রাখছে সংশ্লিষ্ট মহল। এই তদন্তের ফলাফল হাসপাতালের ভাবমূর্তি এবং প্রশাসনিক স্বচ্ছতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।