ব্যারাকপুরের জলযন্ত্রণা কমাতে নবান্নে কৌস্তভ বাগচির প্রস্তাব, নতুন খালের দাবি

ব্যারাকপুরের দীর্ঘদিনের জলজমা সমস্যা নিরসনে নবান্নে প্রস্তাব দিলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। নতুন খাল তৈরির জন্য অর্থদপ্তরে আটকে থাকা ফাইল দ্রুত অনুমোদনের দাবি।

Share:

ব্যুরো নিউজ, ১৪ জুলাই ২০২৬ঃ ব্যারাকপুরের দীর্ঘদিনের জলজমা সমস্যা ও যানজট থেকে মুক্তি দিতে এবার ময়দানে নামলেন স্থানীয় বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান জল জমে যাওয়ায় নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। পূর্বতন সরকারের আমলে বারবার অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি, যা নিয়ে ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে। এই পরিস্থিতিতে ব্যারাকপুরের জলনিকাশি ব্যবস্থার উন্নতির জন্য নবান্নে একটি নতুন খালের প্রস্তাব নিয়ে সরব হয়েছেন বিধায়ক বাগচী।

কেএমডিএ সূত্রে জানা গেছে, ওয়্যারলেস মোড় থেকে নোয়াই খাল পর্যন্ত একটি বড় নিকাশিনালা তৈরির পরিকল্পনা রয়েছে, যার জন্য ২৪ কোটি ৪ লক্ষ ৭৩ হাজার ৫৫৪ টাকার একটি ডিপিআর-ও তৈরি হয়েছিল। তবে সেই ফাইল বর্তমানে অর্থদপ্তরে অনুমোদনের অপেক্ষায় পড়ে রয়েছে। এই ফাইল দ্রুত পাশ করানোর জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বিশ্বজিৎ দাসের হাতে একটি দাবি সংক্রান্ত চিঠি তুলে দিয়েছেন কৌস্তভ বাগচী। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, অর্থদপ্তর দ্রুত পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করা হয়েছে।

বিধায়ক আরও বলেন, তৃণমূল সরকারের আমলে এই সমস্যার সমাধানে কোনও কাজ হয়নি, যা বর্তমান জলজমা পরিস্থিতি দেখেই স্পষ্ট। তিনি আশা প্রকাশ করেছেন, এবার দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান হবে। ইতিমধ্যেই ব্যারাকপুর পুরসভা ও কেএমডিএ-র ইঞ্জিনিয়ারদের নিয়ে জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন বিধায়ক।