বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডকে পুরসভার আওতায় আনার প্রস্তাব অর্জুন সিংয়ের

বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডকে উত্তর বারাকপুর পুরসভার আওতায় আনার প্রস্তাব দিয়েছেন বিধায়ক অর্জুন সিং। পরিষেবা ও পরিকাঠামোগত উন্নতির দাবিতে সরব এলাকাবাসী।

Share:

ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাকে উত্তর বারাকপুর পুরসভার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় বিধায়ক অর্জুন সিং। দেশের অন্যতম প্রাচীন এই ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রতিরক্ষা মন্ত্রকের মনোনীত সিইও ও সদস্যরা এটি পরিচালনা করছেন। তবে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিষেবা নিয়ে ক্ষোভ চরমে। মেন রাস্তা ভালো হলেও বোর্ডের ভিতরের রাস্তাগুলি বেহাল, খানাখন্দে ভরা। পানীয় জল সরবরাহ এবং হাসপাতালের পরিকাঠামো নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে।

অর্জুন সিংয়ের মতে, এই অঞ্চলকে পুরসভার আওতায় আনলে বাসিন্দারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন এবং উন্নত পরিষেবা লাভ করবেন। সদর বাজার, আর্দালি বাজার সহ একাধিক এলাকা এই বোর্ডের অধীনে থাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। এলাকার মানুষও এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তাঁদের অভিযোগ, বোর্ড ইচ্ছামতো সম্পত্তি কর বাড়িয়েছে অথচ প্রয়োজনীয় পরিষেবা দিতে ব্যর্থ। পুরসভার অন্তর্ভুক্ত হলে সমস্যার কথা জানানোর একটি নির্দিষ্ট জায়গা থাকবে এবং দ্রুত সমাধান মিলবে বলে আশা করছেন তাঁরা। প্রতিরক্ষা মন্ত্রক ও রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এখন দেখার, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়।