কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্ব পেল ইসকন, বরাদ্দ বাড়ল পড়ুয়া পিছু ১০ টাকা: রাজ্য বাজেট ২০২৬

২০২৬ সালের রাজ্য বাজেটে বড় ঘোষণা। এবার কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলের দায়িত্ব পেল ইসকন। পড়ুয়া পিছু বরাদ্দ বাড়ল ১০ টাকা। খাবারের মান নিয়ে অভিযোগের পর এই সিদ্ধান্ত।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এ  এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল (Mid Day Meal) সরবরাহের দায়িত্ব পেল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ । পূর্বতন সরকারের আমলে মিড ডে মিলের খাবার নিয়ে একাধিক অভিযোগ সামনে আসার পর এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি টিকটিকি বা আরশোলা পাওয়ার মতো ঘটনাও ঘটেছিল। এই প্রেক্ষাপটে পড়ুয়াদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিল শুভেন্দু সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এতদিন মিড ডে মিলের জন্য পড়ুয়া পিছু মাত্র সাড়ে ৬ টাকা বরাদ্দ ছিল। এবার তা বাড়িয়ে ১০ টাকা করা হবে। এর ফলে ছোট ছোট পড়ুয়ারা আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে। রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথেই পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতির থেকে বিচ্যুতি ঘটবে না।” সরকারের এই সিদ্ধান্তে কলকাতার হাজার হাজার স্কুল পড়ুয়া উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

ইসকনের মতো একটি আন্তর্জাতিক সংস্থা এই গুরুদায়িত্ব পাওয়ায় খাবারের মান উন্নত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দীর্ঘদিন ধরে মিড ডে মিলের গুণগত মান নিয়ে যে প্রশ্ন উঠছিল, এই পদক্ষেপের মাধ্যমে তার সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষাবিদ ও অভিভাবকরা। নতুন এই ব্যবস্থার ফলে শুধু খাবারের মান নয়, পরিবেশন ও স্বাস্থ্যবিধির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।