পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস: ৩ জেলায় লাল সতর্কতা, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শুরুতেই পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি।

Share:

ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন সপ্তাহের শুরুতেই পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ ২৯শে জুন, সোমবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং উত্তরবঙ্গের প্রতিটি জেলায় টানা দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্যেও লাল সতর্কতা বহাল রয়েছে। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের ওপর সক্রিয় থাকায় এবং মৌসুমি অক্ষরেখা স্থিতিশীল থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্র উত্তাল থাকতে পারে বলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আগামীকাল, মঙ্গলবার, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।