ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালালচক্র ও বহিরাগতদের দৌরাত্ম্য রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও সুরক্ষিত করতে চালু করা হচ্ছে বিশেষ আইকার্ড ব্যবস্থা। ১লা জুন থেকে এই পরিচয়পত্র ছাড়া হাসপাতালে প্রবেশ বা কাজ করা বাধ্যতামূলক হবে না।
দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগী ও তাঁদের পরিজনদের নানা অভিযোগ ছিল দালালদের নিয়ে। চিকিৎসা করাতে গিয়ে বেড না পাওয়া, নিরাপত্তা ব্যবস্থার বেহাল দশা, চিকিৎসক ও কর্মীদের সুরক্ষার অভাবের মতো একাধিক সমস্যা ছিল। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে সরকার। গত শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তা এবং মেডিকেল কলেজগুলির প্রিন্সিপাল-সুপারদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন। সেখানেই তিনি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বহিরাগতদের প্রবেশ রুখতে কড়া নির্দেশ দেন। তাঁর পরামর্শ অনুযায়ী, প্রত্যেকের জন্য আলাদা আইকার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই এই বিষয়ে বিশেষ সার্কুলার জারি করেছে।
আজ, সোমবার থেকেই শুরু হয়েছে আইকার্ড রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। এসএসকেএম, আর জি কর, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ সহ রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স ও কর্মীদের জন্য পদ অনুযায়ী ভিন্ন রঙের আইকার্ডের ব্যবস্থা করা হচ্ছে। যেমন, ল্যাবরেটরির কর্মীরা কমলা, চতুর্থ শ্রেণীর কর্মীরা সবুজ, নার্সরা খয়েরি এবং নিরাপত্তা কর্মীরা মেরুন রঙের আইকার্ড ব্যবহার করবেন। আগামী ২৮শে মে-র মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করা হবে এই প্রকল্পের কাজ তদারকির জন্য।
এছাড়াও, হাসপাতাল কর্তৃপক্ষকে একটি অফিস ডেস্ক ও আইটি কর্মী নিয়োগের ব্যবস্থা করতে বলা হয়েছে যাতে প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধান করা যায়। এই পদক্ষেপের ফলে সরকারি হাসপাতালগুলিতে শৃঙ্খলা ফিরবে এবং দালালচক্রের অবসান হবে বলে আশা করা হচ্ছে।








