ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এবং রাজ্যের জনবিন্যাসের পরিবর্তন রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। আগামী ৭ জুলাই দেশের রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন।
বুধবার জোকায় ভারত সেবাশ্রম হাসপাতালের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, অবৈধ অনুপ্রবেশ রোধে তাঁর সরকার একগুচ্ছ কড়া পদক্ষেপ করতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশিকা মেনেই কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই কাজ করবে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই অনুপ্রবেশ দমনের প্রথম দফার কাজ সফলভাবে শেষ হয়েছে। সীমান্ত সুরক্ষাবাহিনী (BSF)-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হয়েছে এবং ১২টি বিশেষ ‘হোল্ডিং স্টেশন’ তৈরি করা হয়েছে। এই স্টেশনগুলির মাধ্যমে বিগত ৪৫ দিনে প্রায় ১০ হাজার অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।
বর্তমানে আরও হাজার-দেড় হাজার মানুষ সেখানে রয়েছে। এছাড়াও, এ রাজ্যে অনুপ্রবেশের প্রকৃত গভীরতা মাপতে আগামী ১ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে ডিজিটাল মাধ্যমে ‘জাতিগত জনগণনা’ শুরু হতে চলেছে। এই প্রক্রিয়ায় ‘সেলফ ডিক্লারেশন’ বা স্ব-ঘোষণার ব্যবস্থাও রাখা হচ্ছে। এই জনগণনার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি। শুভেন্দু অধিকারীর দাবি, এই সেনসাসের বাস্তব চিত্র সামনে এলেই অনুপ্রবেশ রোধে আরও অকাট্য ও কার্যকরী পদক্ষেপ করা যাবে। দেশের সীমান্ত রাজ্যগুলিতে জনবিন্যাসের পরিবর্তন খতিয়ে দেখতে কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটিও খুব শীঘ্রই রাজ্য সফরে আসবে।








