ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ কেরলে বর্ষা প্রবেশের পর এবার পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে মৌসুমী বায়ু। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে বর্ষা শুরুর সুনির্দিষ্ট তথ্য মেলেনি। তবে মৌসম ভবন জানিয়েছে, উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে দু-তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু আরও কিছুটা এগিয়ে আসবে, যা দক্ষিণবঙ্গে বর্ষা আসার প্রাথমিক ইঙ্গিত।
সাধারণত, ৫ জুন উত্তরবঙ্গে ও ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। এবছর কিছুটা দেরি হলেও, আবহাওয়া বিজ্ঞানে দিন সাতেকের এদিক-ওদিক স্বাভাবিক। উত্তর-পূর্ব ভারতের অসম, ত্রিপুরা ও অরুনাচল প্রদেশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হতে আর কয়েক দিনের অপেক্ষা। বর্ষা যত এগিয়ে আসছে, রাজ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ও বৃষ্টিপাত বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ হাবিবুর রহমান বিশ্বাস জানান, বর্ষার প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে।
দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া সহ একাধিক জেলায় ‘লাল’ ও ‘কমলা’ সতর্কতা জারি হয়েছে। গত দুদিন ধরে জেলাগুলিতে কালো মেঘের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া চলছে। পুরুলিয়ার শিমুলিয়ায় ৭৮.৬ মিমি এবং নদীয়ার কল্যাণীতে ৫৭.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যা বর্ষা শুরুর আগে স্বাভাবিক। এই পরিস্থিতি আগামী কয়েকদিনও বজায় থাকবে।








