ব্যুরো নিউজ, ১৫ জুলাই ২০২৬ঃ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর রাজ্যের গ্রামীণ পরিকাঠামো ও কর্মসংস্থানে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই বৈঠক থেকে একাধিক ঐতিহাসিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যা রাজ্যের উন্নয়নে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY-G) প্রকল্পে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কেন্দ্র প্রথম দফায় বাংলায় ১ লক্ষ গ্রামীণ পাকা বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে।
এর পাশাপাশি, উপভোক্তা সমীক্ষার সময়সীমা ২০ জুলাই থেকে বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে, যা রাজ্য সরকারের অনুরোধে গৃহীত হয়েছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (PMGSY) প্রথম কিস্তিতে পশ্চিমবঙ্গকে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিপুল অর্থ দিয়ে প্রায় ২,৪০০ কিলোমিটার নতুন পাকা রাস্তা তৈরি হবে, যা প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা এসেছে গ্রামীণ কর্মসংস্থান খাতে। ১ জুলাই থেকে রাজ্যে চালু হচ্ছে নতুন প্রকল্প ‘ভিবি জি-রামজি’ (VB-G RAM G), যেখানে ১০০ দিনের কাজের বদলে এবার ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে।
২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত এই প্রকল্পের জন্য কেন্দ্র ৮,৫০৮ কোটি টাকা বরাদ্দ করেছে, যা রাজ্য সরকারের অংশীদারিত্ব সহ মোট ১২,০৬৪ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর ফলে রাজ্যের প্রায় ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ডধারী সরাসরি উপকৃত হবেন। এছাড়াও, চাষীদের সুবিধার জন্য ৪টি নতুন আধুনিক ল্যাব ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপগুলি রাজ্যের থমকে থাকা গ্রামীণ উন্নয়নকে রেকর্ড গতিতে এগিয়ে নিয়ে যাবে।








