ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ : দিন কয়েক স্বস্তি দেওয়ার পর ফের ভোলবদল আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েক দিনের বৃষ্টিতে তাপমাত্রা কমলেও রবিবার থেকে ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। এর জেরে জুন মাসের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গে ফের গরম বাড়ার পূর্বাভাস রয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদ দেখা গেছে। যদিও বেলার দিকে শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ, রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির নতুন দফা শুরু হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সামগ্রিকভাবে, বঙ্গে ফের অস্বস্তিকর গরমের প্রত্যাবর্তন এবং উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টির ভ্রুকুটি দেখা যাচ্ছে।








