ব্যুরো নিউজ, ১৭ জুলাই ২০২৬ : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা এবং দমকা হাওয়ার সঙ্গে কয়েক পশলা বৃষ্টিও হয়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই ঘূর্ণাবর্ত আগামী দিনে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।








