ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় এবং পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত ঋতুকালীন অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এবং আগামীকালও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
পুরুলিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। দিনের বেলায় অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার বদল দেখা যাবে। অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামীকাল ৭ থেকে ২০ সেন্টিমিটার বা তারও বেশি অতি প্রবল বর্ষণের পূর্বাভাস। এর জেরে ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হতে পারে। ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি হয়েছে। রাজ্যবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।








