ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আর্দ্রতায় হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। জ্যৈষ্ঠ মাসের এই তীব্র গরমে বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন সকলে। অবশেষে এই নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ঝাড়খণ্ড-ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করবে। এর ফলেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া উষ্ণ থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বিকেলের দিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে এবং গরম ও অস্বস্তি থেকে মুক্তি মিলতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামীকাল মঙ্গলবার একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও উত্তর দিনাজপুরেও ঝড়-বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, পরে আবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এই বৃষ্টিতে তাপমাত্রার পারদ অনেকটাই নামবে বলে আশা করা হচ্ছে।








