ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ ভারত-বাংলাদেশ সীমান্তের মালদার বৈষ্ণবনগর থানার শুকদেবপুর এলাকায় পুশব্যাককে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়েছে। শনিবার ভোর থেকেই সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে খবর, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতেই এই উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে বিএসএফের কড়া নজরদারি চলছে। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। উল্লেখ্য, শুকদেবপুর সীমান্তের প্রায় ১২০০ মিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। এই তারকাটাবিহীন অংশটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং ভারতীয় কৃষকদের জমির ফসল কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল।
এদিনের ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফের পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ রাখা হয়েছে।








