ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর ২০২৬: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বাড়ি থেকে চার তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।
শুক্রবার রাতে বারুইপুর জেলা পুলিশ ও ক্যানিং থানার পুলিশ যৌথভাবে বিধায়কের বাড়িতে হানা দেয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে ফেললেও বিধায়ক পরেশরাম দাসকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায় সহ আরও তিন স্থানীয় তৃণমূল নেতা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, মারধর, তোলাবাজি এবং ভাঙচুরের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের শনিবার আলিপুর আদালতে পেশ করা হবে।
বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। বিশেষত, ভোট পরবর্তী সময়ে এলাকায় অশান্তি সৃষ্টি এবং সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশি অভিযানের সময় বিধায়ককে বাড়িতে না পাওয়ায় পুলিশের ভয়ে গা ঢাকা দেওয়ার প্রশ্ন উঠেছে।
এই ঘটনার পর থেকেই ক্যানিংয়ের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিধায়ক পরেশরাম দাসের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ক্যানিংয়ের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং শাসক দলের অস্বস্তি বেড়েছে।








