ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ গবাদি পশু জবাই সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকা পশ্চিমবঙ্গে কঠোরভাবে বলবৎ করার দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, ১৪ বছরের কম বয়সী কোনও গরুকে কসাইখানায় জবাই করা যাবে না। এই নির্দেশ যাতে রাজ্যে যথাযথভাবে পালিত হয়, সেই আবেদন নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিকে শর্মা নামক এক ব্যক্তি। তাঁর আইনজীবী মেঘনাথ দত্ত বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান।
আবেদনকারী আইনজীবীর অভিযোগ, সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়ম বহির্ভূতভাবে কম বয়সী গবাদি পশু জবাই করা হচ্ছে। প্রশাসনের নজরদারি এড়িয়ে এই বেআইনি কার্যকলাপ রুখতে আদালতের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। যদিও সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ না বসায় মামলার চূড়ান্ত শুনানি সম্ভব হয়নি।
তবে আদালত সূত্রে খবর, নিয়ম মেনে মামলাটি নিয়মিত বেঞ্চে স্থানান্তরিত হবে এবং মঙ্গলবারই এর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত ১৩ মে, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ কঠোরভাবে পালনের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের রায় এবং ২০২২ সালের সরকারি নির্দেশিকা অনুসরণ করে জানানো হয়েছে যে, এখন থেকে গরু, মহিষ বা বলদ-সহ কোনও পশুই যত্রতত্র জবাই করা যাবে না। পশুবধের এই প্রক্রিয়া শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানাতেই সম্পন্ন করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে।








