ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগেই নৃশংসভাবে খুন করা হয়েছিল তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে। এবার এই মামলায় উত্তরপ্রদেশ থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা।
জানা গিয়েছে, সোমবার সিবিআই এবং মুজফফরনগর পুলিশের যৌথ অভিযানে উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে রাজ কুমার সিং নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সূত্র মারফত খবর, হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল রাজ কুমার। সেই সময় এনএইচ-৫৮ জাতীয় সড়কের ছাপার টোল প্লাজা এলাকা থেকে তাকে ধরে ফেলে সিবিআই। এই নিয়ে চন্দ্রনাথ রথ হত্যা মামলায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো চার। এর আগে বিশেষ তদন্তকারী দল রাজ সিং, ময়ঙ্ক এবং ভিকি মৌর্য নামে তিনজনকে গ্রেফতার করেছিল। তাদের জেরা করেই ধৃত রাজ কুমার সিংয়ের নাম সামনে আসে। মঙ্গলবার ধৃত রাজ কুমারকে সিবিআই আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত ৬ মে রাতে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি চন্দ্রনাথের শ্রাদ্ধানুষ্ঠানে তাঁর বাড়িতে গিয়ে পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। সিবিআই এই মামলার দ্রুত নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছে।








