চেতলার সুইমিং পুলে মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল তরুণের

কলকাতার চেতলায় সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ১৯ বছরের এক তরুণের মর্মান্তিক মৃত্যু। ঋত্বিক চক্রবর্তী নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ কলকাতায় ফের এক মর্মান্তিক দুর্ঘটনা। চেতলার একটি ক্লাবের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হল এক তরুণের। মৃত যুবকের নাম ঋত্বিক চক্রবর্তী (১৯)। সোমবার সকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, ঋত্বিক এদিন সকালে চেতলা অগ্রণী ক্লাবের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিলেন। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে জল থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, ঋত্বিকের বাড়ি বাদামতলা আষাঢ় সংঘ এলাকার নেপাল ভট্টাচার্য স্ট্রিটে। তাঁর বাবার নাম পূর্ণেন্দু চক্রবর্তী। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা অন্য কোনও শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। এই ঘটনার পর ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্লাবের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।