ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর ২০২৬: মহাসপ্তমীতে চোরবাগান সার্বজনীন পুজোমণ্ডপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় প্রাণ হারাল হাওড়ার এক মাধ্যমিক পরীক্ষার্থী। হাওড়ার বালির আনন্দনগরের বাসিন্দা ১৭ বছর বয়সী আকৃতি কুমারী সপ্তমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে আর ঘরে ফিরতে পারলো না।
শনিবার সন্ধ্যায় আকৃতি তার মামা-মামি ও দিদির সঙ্গে চোরবাগান পুজো মণ্ডপে গিয়েছিল। আচমকা বৃষ্টি শুরু হওয়ায় মণ্ডপের বাইরে থেকে দর্শনার্থীরা ভিতরে ঢুকে পড়েন। একইসঙ্গে ভিতরের দর্শনার্থীরাও বেরোতে না পারায় প্রবল ভিড় ও ঠেলাঠেলি শুরু হয়। এই হুড়োহুড়ির মধ্যেই মাটিতে পড়ে যায় আকৃতি।
তার সঙ্গে থাকা মামা-মামি ও দিদি তাকে তোলার চেষ্টা করলেও, পিছন থেকে আসা প্রবল ভিড়ের চাপে তা সম্ভব হয়নি। ভিড়ের ধাক্কায় তারাও টাল সামলাতে পারেননি, তবে প্রাণে বেঁচে যান। গুরুতর আহত অবস্থায় আকৃতিকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরীর পরিবার পুজো কমিটির গাফিলতিকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করেছে। তাদের অভিযোগ, প্যান্ডেলে ঢোকা ও বেরোনোর রাস্তা সরু ছিল, যা এমন দুর্ঘটনার কারণ। সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবার।









