ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ দুর্গাপুরে পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেও পরিষেবা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী হলে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলার আধিকারিকদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তাঁর সরকার ‘কথা কম কাজ বেশি’ নীতিতে চলবে। বৈঠকে আবাস যোজনা এবং ঠিকাদারদের কাছ থেকে টাকা নেওয়ার মতো বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে আসে।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, বীরভূমে পাথর খাদান থেকে বছরে প্রায় ১৮০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো। বালির ব্যবসা নিয়েও সমস্যার কথা বলেন এবং স্বচ্ছতা আনতে দাম বেঁধে দেওয়ার নির্দেশ দেন। দুর্গাপুরের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার নাম পরিবর্তন করে ‘আসানসোল-দুর্গাপুর জেলা’ করার প্রস্তাব দেন। এছাড়াও, তিনি অন্ডাল বিমানবন্দর ও বাঁশকোপা টোল প্লাজার কাছে স্বাগতম তোরণ, বন্ধ কারখানার জমিতে শিল্পায়ন, বিনিয়োগকারীদের নিয়ে বিজনেস সামিট এবং পানীয় জলের সমস্যা সমাধানে বুস্টার পাম্প স্টেশন তৈরির মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন। মুখ্যমন্ত্রী চিত্তরঞ্জন থেকে দুর্গাপুর পর্যন্ত শিল্পায়নের ব্যবস্থা করার আশ্বাস দেন। অন্ডাল থেকে সড়কপথে দুর্গাপুর আসার পথে মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার পাশে বহু মানুষের ভিড় ছিল।








