ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ রাজ্যে ১০০ দিনের কাজ (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট) দ্রুত শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে রাজ্যের সব দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা বাদে রাজ্যের বাকি সব জেলায় এই প্রকল্প শীঘ্রই চালু হবে। পূর্বতন সরকারের আমলে এই দুই জেলা থেকে ১০০ দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত ও খতিয়ে দেখার কাজ চলায় আপাতত ওই দুই জেলায় প্রকল্পটি স্থগিত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী সচিবদের নির্দেশ দিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দ্রুততার সঙ্গে কাজ শুরু করতে হবে।
উল্লেখ্য, এই প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছিল, যার ফলে হাজার হাজার খেতমজুর কাজ হারিয়েছিলেন। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি, অভিযোগ ছিল ২০২১ সালের ডিসেম্বর থেকে মজুরি দেওয়া হচ্ছে না। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও এই প্রকল্পে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে পৃথক মামলা করেছিলেন। দীর্ঘ টালবাহানার পর রাজ্য সরকারের পালাবদলের পর নতুন সরকার এই প্রকল্প পুনরায় চালু করার সিদ্ধান্ত নিল। এই পদক্ষেপ রাজ্যের প্রান্তিক মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে এবং বহু মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।








