ডিম ছুড়ে বিক্ষোভ? ডানকুনি আইসি-র কড়া বার্তা: ‘অসভ্যতা করলে ব্যবস্থা নেওয়া হবে’

ডানকুনিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভকারীদের ডিম ছোড়ার ঘটনায় আইসি-র কড়া বার্তা। 'অসভ্যতা করলে ব্যবস্থা নেওয়া হবে', হুঁশিয়ারি পুলিশের।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ : হুগলির ডানকুনিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ চলাকালীন ডিম ছোড়াছুড়ির ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পুলিশ। ডানকুনি থানার আইসি শান্তনু সরকার মাইক হাতে বিক্ষোভকারীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন, ‘অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় জানান। বিক্ষোভের অন্য উপায় আছে, কিন্তু ডিম ছুড়ে অসভ্যতা করা চলবে না। অসভ্যতা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের জল নিকাশি ও আবর্জনা সংগ্রহ সংক্রান্ত সমস্যা নিয়ে মঙ্গলবার দক্ষিণ সুভাষপল্লিতে তৃণমূল কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিক্ষোভ দেখাতে যান কয়েকজন। অভিযোগ, সেই সময় কাউন্সিলারকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাঁর মাথায় ডিম ফাটিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। আইসি শান্তনু সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বিক্ষোভকারীদের উদ্দেশে সতর্কবার্তা দেন।

ঘটনাচক্রে, সোমবারই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ডিম ছুড়ে বিক্ষোভ দেখানো নিয়ে সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, এই ধরনের বিক্ষোভ কোনো দলের কর্মসূচি হতে পারে না এবং এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। ডানকুনিতে আইসি-র এই কড়া বার্তা বঙ্গরাজনীতির বর্তমান প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুলিশ কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।