ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ দার্জিলিং ম্যালের অদূরে ভুটিয়া বস্তিতে এক হাড়হিম করা ঘটনা ঘটেছে। আট বছরের নাতি এবং পোষ্য কুকুরকে চিতাবাঘের হামলা থেকে বাঁচাতে প্রাণপণ লড়াই করলেন এক প্রৌঢ়া। মঙ্গলবার বর্ষার সন্ধ্যায় এই ঘটনায় দেবিকা শেরপা (৫০) নামে ওই প্রৌঢ়া গুরুতর জখম হয়েছেন। তাঁকে দার্জিলিং জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রাতে খাওয়ার পর দেবিকা দেবী তাঁর নাতিকে নিয়ে ঘুমোতে যাওয়ার তোড়জোড় করছিলেন। সেই সময় বাড়ির কুকুরটি বাইরে অস্বাভাবিকভাবে ডাকতে শুরু করে। কুকুরটির চিৎকারে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং তাঁর পিছু পিছু নাতিও আসে। আচমকাই অন্ধকার থেকে একটি চিতাবাঘ কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে। সামনে পড়ে থাকা জ্বালানি কাঠের টুকরো হাতে নিয়ে দেবিকা দেবী পাল্টা চিতাবাঘের দিকে ধেয়ে যান। চিতাবাঘটি কুকুরকে ছেড়ে দেবিকা দেবীর উপর হামলা চালায়। ভয় পেয়ে নাতি তাঁকে জড়িয়ে ধরে।
এই পরিস্থিতিতেও দেবিকা দেবী কাঠের টুকরো দিয়ে চিতাবাঘটিকে আঘাত করতে থাকেন। একসময় চিতাবাঘটি পিছু হঠতে বাধ্য হয়ে অন্ধকারে মিলিয়ে যায়। এই অসম লড়াইয়ে দেবিকা দেবীর একটি হাত ভেঙে গিয়েছে এবং মাথায় ও অন্য হাতেও গুরুতর আঘাত লেগেছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, দার্জিলিং ম্যালের কাছেই সিঞ্চল বন্যপ্রাণ অভয়ারণ্য এবং জঙ্গল থাকায় চিতাবাঘের আনাগোনা লেগেই থাকে। এই ঘটনার পর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা চিতাবাঘটিকে ধরার দাবি জানিয়েছেন। দেবিকা দেবীর এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।








