৫ বছরে ১০০ কোটির মালিক দেবরাজ! ইডির হাতে ধৃত তৃণমূল নেতার সম্পত্তির তথ্য, বাড়ল চাপ

ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পেল পুলিশ। তদন্তের তথ্য ইডির হাতে। স্ত্রী অদিতি মুন্সির বিরুদ্ধেও অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ১১ আগস্ট ২০২৬: ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পেলেন তদন্তকারীরা। সিন্ডিকেট চক্র পরিচালনা ও তোলাবাজির অভিযোগে আগেই পুলিশের হাতে ধরা পড়েছিলেন দেবরাজ। এবার তাঁর ও তাঁর পরিবারের বিশাল পরিমাণ সম্পত্তির তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এলাকায় অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত। তদন্তকারীরা জানিয়েছেন, দেবরাজের নিজস্ব নামে ছাড়াও তাঁর একাধিক আত্মীয় ও পরিচিতদের নামে ছড়িয়ে রয়েছে এসব সম্পত্তি। দমদম, নিউ টাউন, বাগুইআটি থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা মিলিয়ে অন্তত ৩০টি স্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ১০০ কোটি টাকার কাছাকাছি। পুলিশের অনুমান, বিগত পাঁচ বছরের মধ্যেই দেবরাজের এই সম্পত্তি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর থেকেই এই দম্পতির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির তদন্ত শুরু হয়েছিল।

তদন্তকারীদের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেভাগেই নিজেদের বিপুল পরিমাণ সম্পত্তি বেনামে ও পরিচিতদের মাধ্যমে হস্তান্তরিত করেছিলেন অদিতি ও দেবরাজ। অদিতির বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম দেখানোর অভিযোগও রয়েছে। আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পত্তি রাখা, তথ্য গোপন ও অর্থপাচারের অভিযোগে গত সপ্তাহে বারাসত আদালতে দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আইনি জটিলতা এড়াতে দেবরাজ রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। গত ১ জুলাই পুরুলিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁর বিপুল পরিমাণ এই বেনামি আর্থিক লেনদেন ও সম্পত্তির খোঁজে তদন্ত চালাচ্ছে প্রশাসন।