ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’-এর নামে কোটি টাকার ওষুধ দুর্নীতি? মাটি খুঁড়তেই মিলল বিপুল ভান্ডার

ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' প্রকল্পের নামে কোটি টাকার ওষুধ দুর্নীতি? মাটি খুঁড়ে উদ্ধার বিপুল ভান্ডার। তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। ‘সেবাশ্রয়’-এর নামে আনা কোটি কোটি টাকার জীবনদায়ী ওষুধ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। ঘটনার জেরে তীব্র শোরগোল পড়েছে। উদ্ধার হওয়া ওষুধের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, সরকারি ও বেসরকারি স্তরের এত বিপুল পরিমাণ ওষুধ কোথা থেকে এল এবং কেনই বা তা মাটির নীচে পুঁতে রাখা হয়েছিল।

ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। উদ্ধার হওয়া ওষুধের প্যাকেটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের লোগো থাকায় অস্বস্তিতে পড়েছে শাসকদল। বিজেপি এই ঘটনাকে আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি বলে অভিযোগ করেছে এবং সরাসরি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের দিকে আঙুল তুলেছে।

বিজেপির দাবি, রাজনৈতিক পালাবদলের পর নিজেদের দুর্নীতির প্রমাণ ঢাকতেই তড়িঘড়ি সেগুলি পুঁতে দেওয়া হয়েছিল। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের একাংশের দাবি, ওষুধগুলি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নষ্ট করার চেষ্টা হয়েছিল, আবার কেউ কেউ দায় ঠেলেছেন অভিষেকের দিকে। উল্লেখ্য, ‘সেবাশ্রয়’ প্রকল্পের মাধ্যমে এলাকার দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হত।