ব্যুরো নিউজ, ৫ আগস্ট ২০২৬ঃ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আর্থিক সহায়তা করবে নতুন রাজ্য সরকার? সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। দিলীপ ঘোষ উপহাসের ভঙ্গিতে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হচ্ছে তিনি খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন।
যদি কোনো আর্থিক অভাব বা সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে তাঁর জন্য প্রয়োজনীয় অর্থ বা আর্থিক সাহায্যের বন্দোবস্ত করা উচিত, যাতে তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারেন। দিলীপ ঘোষের এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজ্যের এক দায়িত্বশীল মন্ত্রীর প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস নিয়ে এমন মন্তব্যকে তৃণমূল কংগ্রেস তীব্র ভাষায় নিন্দা করেছে।
তাদের দাবি, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য একেবারেই কাম্য নয়। প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি বেতন বা পেনশন নেন না, বরং তাঁর বই বিক্রির রয়্যালিটি থেকে প্রাপ্ত অর্থেই তাঁর ব্যক্তিগত খরচ চলে। তবে এবার সেই অর্থ তিনি এখনও পাননি বলে অভিযোগ করেন এবং এর পিছনে বিজেপির ‘খেলা’ থাকতে পারে বলেও ইঙ্গিত দেন। যদিও দে’জ পাবলিশিংয়ের কর্ণধার সুধাংশু শেখর দে এই অভিযোগ অস্বীকার করে জানান, নির্দিষ্ট সময়েই রয়্যালিটির টাকা পাঠানো হয় এবং কোনো রাজনৈতিক চাপ নেই। এই আবহে দিলীপ ঘোষের মন্তব্য বিতর্কের আগুনে আরও ঘি ঢেলেছে।








