গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, চাইলেন রক্ষাকবচ

গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বিতর্কিত মন্তব্য ও বাড়িতে তল্লাশির পর আইনি রক্ষাকবচ চাইলেন তিনি। ছেলের গ্রেফতারির পর বাড়ছে চাপ।

Share:

ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে এবং গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা। এই পরিস্থিতিতে আগাম আইনি সুরক্ষা চেয়ে তিনি রক্ষাকবচের আবেদন জানিয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তাঁর আইনজীবী জরুরি ভিত্তিতে আবেদন করলে আদালত মামলা দায়েরের অনুমতি দেয়। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দিলীপ মণ্ডলকে ঘিরে উত্তেজনা বাড়তে শুরু করে।

বিতর্কের সূত্রপাত তাঁর একটি মন্তব্যের ভিডিওকে কেন্দ্র করে, যেখানে তাঁকে বলতে শোনা যায়, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায় এবং বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। গত ১৪ মে সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে পুলিশ ও র‍্যাফের বিশাল বাহিনী তল্লাশি চালায়। এই অভিযানে একাধিক দামি গাড়ি, সুইমিং পুল এবং মূল্যবান আসবাবের খোঁজ মেলে।

বিধায়ককে পাওয়া না গেলেও, তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডল-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে কয়েকটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছেলের গ্রেফতারের পর নিজের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের আশঙ্কায় বিধায়ক আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন হাইকোর্ট এই মামলায় কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।