ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে চাঞ্চল্য! বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এখনও পলাতক, তবে তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডলকে অস্ত্র-সহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবারের জেলা পুলিশের যৌথ অভিযানে বকখালি, ফ্রেজারগঞ্জ এলাকা থেকে অর্ঘ্য-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দিলীপ মণ্ডল বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। তাঁর এই মন্তব্যের জেরে একাধিক এফআইআর দায়ের হয়। বৃহস্পতিবার পুলিশ তাঁর বাড়িতে পৌঁছতেই জানালা টপকে পালিয়ে যান বিধায়ক। সিসিটিভি ফুটেজে তাঁর পালানোর দৃশ্য ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক বিলাসবহুল সামগ্রী, দামী গাড়ি, সুইমিং পুল এবং একটি গুহা দেখতে পাওয়া যায়, যা দেখে পুলিশও বিস্মিত।
এই ঘটনা হাওড়ার শিবপুরের তৃণমূল নেতা মহম্মদ শামীমের বাড়ির ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে, যেখানে একটি গভীর সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল। এদিকে, বিধায়কের ছেলে অর্ঘ্যর গ্রেপ্তারের পর রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এখনও দিলীপ মণ্ডলের খোঁজ চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল।








