ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে ঘিরে দুর্নীতির পাহাড়। একসময় দিনমজুর হিসেবে জীবন শুরু করা এই নেতা কীভাবে কোটি কোটি টাকার মালিক হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বাড়ি পিছু ৩৫ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নিতেন দীপঙ্কর। নিম্নমানের নির্মাণ কাজ ও অযোগ্যদের আবাসন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
বহু বাড়িতে এক বছরের মধ্যেই ছাদ চুঁইয়ে জল পড়া বা প্লাস্টার খসে পড়ার মতো ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপঙ্কর ভট্টাচার্যের রাজনৈতিক উত্থান ছিল নাটকীয়। মেধাবী হলেও আর্থিক অনটনে তাঁকে দিনমজুরের কাজ করতে হয়েছে। পরে পরিবারের সহায়তায় গাড়ি কিনে যাত্রী ভাড়া খাটাতেন। প্রথমে কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তিনি দীর্ঘ ১৫ বছর বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান ছিলেন। এই সময়েই তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ বাড়তে থাকে। পাশের বাড়ির স্বচ্ছল পরিবারের সদস্য বাসনা ভট্টাচার্যকেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
সরকারি অনুদানে তৈরি তাঁর বাড়ির দেওয়ালে টাঙানো বোর্ড সেই দুর্নীতির প্রমাণ। তদন্তে নেমে পাটক্ষেতের মাটি খুঁড়ে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে, যা সরকারি প্রকল্পের নয়ছয় করা অর্থ। কম্পিউটার সেন্টার থেকে ৮০ লাখ এবং পাটক্ষেত থেকে প্রায় ২.২৪ কোটি টাকা উদ্ধার হয়। সাধারণ শ্রমজীবী থেকে পুরসভার শীর্ষ পদে উঠে আসা দীপঙ্কর ভট্টাচার্যের এই বিতর্কিত উত্থান এবং দুর্নীতির অভিযোগ রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। তাঁর গ্রেফতারি বাদুড়িয়ার রাজনীতিতে এক নতুন মোড় এনেছে। এই ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।








