বন্ধের মুখে ‘দুয়ারে রেশন’ প্রকল্প, বিজেপি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ডিলাররা

রাজ্যে 'দুয়ারে রেশন' প্রকল্প বন্ধের পথে? ডিলারদের ক্ষোভ, নতুন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্যবাসী। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক নানা প্রকল্প নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু হয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্পও সেই তালিকায় উঠে এসেছে। দীর্ঘদিন ধরেই রেশন ডিলারদের একাংশের এই পরিষেবা নিয়ে অসন্তোষ ছিল। এবার সেই ক্ষোভ প্রকাশ্যে এনে একাধিক ডিলার সংগঠন প্রকল্প বাতিলের দাবিতে সরব হয়েছে। ‘জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল’-এর বৈঠক থেকে ‘দুয়ারে রেশন প্রকল্প’ বন্ধ করার দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক রতন সাউ জানান, সরকারি এই পরিষেবার ফলে ডিলারদের কাজের পরিধি অনেক বেড়েছে। খাদ্যসামগ্রী বাড়ি পৌঁছে দেওয়ার অতিরিক্ত দায়িত্বে খরচ বাড়ছে এবং লজিস্টিক সমস্যাও প্রকট হচ্ছে। গ্রামের দিকে এই প্রকল্প চালিয়ে যাওয়া আরও জটিল হয়ে পড়েছে। খুব শীঘ্রই খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাঁদের সমস্যার কথা জানানো হবে এবং নতুন সরকারের কাছে প্রকল্পটি পুনর্বিবেচনার আবেদন জানানো হবে।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, এই প্রকল্প বন্ধের দাবিতে তাঁদের সংগঠন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তাঁর মতে, এই প্রকল্পে সাধারণ গ্রাহকদের বিশেষ সুবিধা হচ্ছে না, বরং সরকারের অতিরিক্ত খরচ বাড়ছে এবং ডিলারদের নানারকম প্রশাসনিক ও আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। গণবণ্টন ব্যবস্থাকে কার্যকর রাখতে বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি বদল প্রয়োজন বলে মনে করছেন ডিলারদের একাংশ। এখন নজর নতুন সরকারের সিদ্ধান্তের দিকে।