দুর্গাপুজোর আবহাওয়ায় সুখবর! সপ্তমী ছাড়া অষ্টমী থেকে দশমী শুষ্ক থাকবে বঙ্গে, জানাল আলিপুর

দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর জানাল, সপ্তমী ছাড়া অষ্টমী থেকে দশমী শুষ্ক থাকবে। নিম্নচাপের প্রভাব বঙ্গে পড়বে না।

Share:

ব্যুরো নিউজ, ১০ অক্টোবর ২০২৬: আসন্ন দুর্গাপুজোয় আবহাওয়া নিয়ে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত বঙ্গে বড় ধরনের কোনও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা নেই। পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীর দিন কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর এই পূর্বাভাস জারি করেছে।

আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানান, থাইল্যান্ড উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ১৩ তারিখ নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি পরবর্তীতে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে সরে যাবে। পশ্চিমবঙ্গে এর সরাসরি বড় কোনও প্রভাব পড়বে না, তাই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দক্ষিণবঙ্গে মহালয়া থেকে পুজোর বেশিরভাগ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। ১৪ থেকে ১৭ অক্টোবর উপকূলীয় কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ১৮ থেকে ২২ অক্টোবর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেও মহালয়ায় হালকা বৃষ্টি হলেও, পুজোর মূল দিনগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে। কলকাতায় পুজোর প্রথম দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। ১৪ থেকে ১৭ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর আকাশ আংশিক মেঘলা এবং মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।