পুজোর মুখে স্বস্তি: রাজ্যে শুষ্ক আবহাওয়া, ২-৩ দিনের মধ্যে বিদায় নিচ্ছে বর্ষা

পুজোর আগে সুখবর! রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, বিদায় নিচ্ছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে স্বস্তিতে রাজ্যবাসী।

Share:

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৬: পুজোর মুখে রাজ্যবাসীর জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দুর্গাপুজোর আগে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। আগামী কয়েক দিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। বিক্ষিপ্তভাবে এক-দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, তা পুজোর প্রস্তুতিতে বাধা দেবে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকলেও, ২, ৩ ও ৪ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী সাত দিন পর্যন্ত বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। এক-দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে পুজোর প্রস্তুতিতে কোনও বাধা হওয়ার সম্ভাবনা কম। এবার ধীরে ধীরে বিদায়ের পথে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু প্রত্যাহার হতে শুরু করবে। এর পরেই বাংলার থেকেও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা কম। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাসে পুজোর মুখে স্বস্তিতে রাজ্যবাসী।