ব্যুরো নিউজ, ৭ অক্টোবর ২০২৬: অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও বিধি ভেঙে বিলাসবহুল ‘বেডরুম’ নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় কলেজ। প্রাক্তন অধ্যক্ষ বানীব্রত গোস্বামীর বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি, তহবিল তছরুপ এবং অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ ওঠার পর গত ৫ জুন তাঁর অফিস ঘর ও সার্ভার রুমে তালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয় তদন্ত কমিশন। দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও সিল করা ঘরের ভেতরে কী রয়েছে তা প্রকাশ্যে না আসায় বুধবার কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) কার্যকর্তা রীমা শর্মা অভিযোগ করেন, কোনো নিয়ম বা টেন্ডার ছাড়াই ছাত্রছাত্রীদের টাকায় বেআইনিভাবে অধ্যক্ষের ওই বিতর্কিত ঘর নির্মাণ হয়েছিল। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে তাঁদের হাতে সিল করা ঘরের চাবি তুলে দিতে হবে। চাবি না দিলে বিক্ষোভ চলবে এবং প্রয়োজনে তালা ভেঙে ভেতরে ঢোকা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। অন্যদিকে, কলেজের বর্তমান টিচার-ইন-চার্জ (টিআইসি) ড. অর্চন নন্দী জানান, গত সেপ্টেম্বর মাসে তদন্ত কমিটির রিপোর্ট গভর্নিং বডির সভাপতির কাছে জমা পড়েছে। তবে সেই রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। তিনি স্পষ্ট করেন, পূর্ববর্তী গভর্নিং বডির সিদ্ধান্ত ও নিয়মের বাইরে গিয়ে ছাত্রছাত্রীদের হাতে বন্ধ ঘরের চাবি তুলে দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে সভাপতি ও পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে এবং শিক্ষার্থীদের আইনের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের দাবি মেনে না নেওয়ায় তারা তালা বন্ধ ঘরের সামনেই ধর্না দেন। তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা ও সিল খোলা নিয়ে কলেজ চত্বরে টানটান উত্তেজনা বজায় রয়েছে।








