ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ফের ভুয়ো ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। এবার এই চক্রের নিশানায় এসেছেন পাথরপ্রতিমার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক (BLRO) সুজয় বন্ধু নিয়োগী।
অভিযোগ উঠেছে, তাঁর এবং তাঁর স্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে বিএলআরওর পরিচিত ও বন্ধু-বান্ধবদের কাছে আর্থিক লেনদেনের জন্য টাকা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই পাথরপ্রতিমার বিডিও কৃষ্ণেন্দু ঘড়ার ছবি ব্যবহার করে একই ধরনের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগ সামনে এসেছিল। সেই অ্যাকাউন্ট থেকে আসবাবপত্র বিক্রির মেসেজ পাঠানোর পাশাপাশি বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে ঘিরে একই ধরনের প্রতারণার অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বিএলআরও সুজয় বন্ধু নিয়োগীর আসল ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ভুয়ো অ্যাকাউন্টের নামের বানানেও পার্থক্য রয়েছে। আসল অ্যাকাউন্টে ইংরেজিতে নাম লেখা থাকলেও, ভুয়ো অ্যাকাউন্টে বাংলায় নামের বানান পরিবর্তন করে তাঁর এবং তাঁর স্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে।
বিষয়টি নজরে আসতেই প্রশাসনের কাছে অভিযোগ জানান তিনি এবং ফেসবুকের মাধ্যমে পরিচিতদের ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে সতর্ক করেছেন। পরপর দুজন সরকারি আধিকারিকের ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, স্বয়ং সরকারি আধিকারিকদের ছবি ব্যবহার করেই যদি এভাবে প্রতারণার চেষ্টা হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ?








