ফলতার ফলাফলের পর তৃণমূলকে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ‘ডায়মন্ড হারবার মডেল’ এখন ‘হার-বার মডেল’

ফলতা উপনির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলকে বিঁধলেন। ‘ডায়মন্ড হারবার মডেল’কে ‘হার-বার মডেল’ আখ্যা দিয়ে অভিষেককে কটাক্ষ।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় বিজেপি প্রার্থীর বিপুল জয়ের খতিয়ান তুলে ধরে তিনি মন্তব্য করেন, ‘ডায়মন্ড হারবার মডেল’ এখন ‘তৃণমূলের হার-বার মডেল’-এ পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ফলতার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে ১ লক্ষ ৮ হাজারেরও বেশি ভোটে জয়ী করে ফলতার জনগণ ‘সোনার ফলতা’ গড়ার পথে এক ধাপ এগিয়েছেন। উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। তৃণমূলের অতীত শাসনকালকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, একটি নীতি ও আদর্শহীন দল ‘মাফিয়া কোম্পানিতে’ রূপান্তরিত হলে ক্ষমতা হারানোর পরই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়। তাঁর অভিযোগ, এতদিন রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সরকারি ধন লুঠ, তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং ‘থ্রেট কালচার’ চালাচ্ছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ‘প্যারাসুটে নামা সেনাপতি’ ও ‘জালিয়াতি’র কারিগর বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

বিগত নির্বাচনে দেড় লাখ ভোটের অলীক লিড নিয়েছিল তৃণমূল, কিন্তু মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা পেতেই আসল বাস্তবটা প্রকাশিত হল। মুখ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূলের এই জন-প্রত্যাখ্যানের পালা সবে শুরু। আগামী দিনে তাদের ‘নোটা’ (NOTA)-র বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। তিনি ত্রিপুরায় ‘নোটা’-র কাছে তৃণমূলের পরাজয়ের কথাও স্মরণ করিয়ে দেন।