এক হাজার টাকার বিবাদ গড়াল খুনে, দাদার রডের আঘাতে মৃত্যু হল ভাইয়ের

মালদহে এক হাজার টাকার বিবাদকে কেন্দ্র করে দাদার রডের আঘাতে ভাইয়ের মৃত্যু। পলাতক অভিযুক্তরা, এলাকায় চাঞ্চল্য।

Share:

ব্যুরো নিউজ, ১১ নভেম্বর ২০২৬: মাত্র এক হাজার টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে দাদার হাতে খুন হল ভাই। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙাটোলা গ্রামে। মৃতের নাম মনোজ হালদার (৩২)। ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদা উত্তম হালদার, তাঁর স্ত্রী ও ছেলে পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালদার পরিবারে টাকা-পয়সা নিয়ে অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরেই। গত দু’দিন ধরে দুই ভাইয়ের মধ্যে এই নিয়ে বচসাও চলছিল। মঙ্গলবার বিকেলে ফের টাকার বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় উত্তম হালদার ও তাঁর ছেলে লোহার রড নিয়ে মনোজের উপর চড়াও হন। মাথায় গুরুতর আঘাত লাগে মনোজের। রক্তাক্ত অবস্থায় মনোজকে উদ্ধার করে প্রথমে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে হাসপাতালেই পৌঁছনোর আগেই রাস্তায় মৃত্যু হয় মনোজের। চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

এই ঘটনায় মৃতের পরিবারের তরফে দাদা, বৌদি ও ভাইপোর বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তরা অধরা থাকায় এলাকায় ক্ষোভ বাড়ছে। সামান্য টাকার বিবাদ যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা মেনে নিতে পারছেন না গ্রামবাসীরা।