দুর্নীতিতে জড়িত সরকারি অফিসারদের বিরুদ্ধে FIR-এর নির্দেশ, রাজ্য প্রশাসনে তোলপাড়

রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতির অভিযোগ ঘিরে এবার কড়া পদক্ষেপ। আবাস যোজনা, রেশন ও জল প্রকল্পে অনিয়মের অভিযোগে অফিসারদের বিরুদ্ধে FIR-এর নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ ঘিরে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলল। আবাস যোজনা, রেশন ব্যবস্থা থেকে শুরু করে জল জীবন মিশন প্রকল্প— একাধিক ক্ষেত্রে অনিয়ম, কাটমানি ও সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। জানা গিয়েছে, দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি কর্মী ও অফিসারদের একাংশের বিরুদ্ধে সরাসরি এফআইআর (FIR) করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে প্রশাসনিক মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পঞ্চায়েত, খাদ্য এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কিছু আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের নাম ঢোকানো, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করা এবং কাটমানি নেওয়ার অভিযোগের তদন্ত চলছে। যেসব সরকারি কর্মী যাচাই না করেই অনুমোদন দিয়েছিলেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। খাদ্য দপ্তরে ভুয়ো ও মৃত ব্যক্তিদের নামে রেশন তোলার অভিযোগও গুরুতর। অভিযোগ, সেই খাদ্যসামগ্রী পরে কালোবাজারে বিক্রি করা হত। এই ঘটনায় যুক্ত ইনস্পেক্টর ও আধিকারিকদের চিহ্নিত করার কাজ চলছে। এছাড়াও, ‘জল জীবন মিশন’ প্রকল্পে নিম্নমানের পাইপ ব্যবহার এবং কাগজে-কলমে কাজ দেখিয়ে সরকারি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। শুধু ঠিকাদার নয়, যেসব ইঞ্জিনিয়ার ও অফিসার সেই বিল পাশ করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, শুধুমাত্র বিভাগীয় তদন্ত বা সাসপেনশনে সীমাবদ্ধ না থেকে এবার সরাসরি এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। এই পদক্ষেপ রাজ্যের দুর্নীতি দমনে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।