ফিরহাদ হাকিমের মুখে অগ্নিমিত্রা পালের প্রশংসা: ‘আপনি যেভাবে ছুটছেন, আমি পারিনি’

প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করলেন। বিধানসভায় তিনি বলেন, 'আপনি যেভাবে ছুটছেন, আমি পারিনি'৷

Share:

ব্যুরো নিউজ, ২৪ জুলাই ২০২৬: প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম শুক্রবার রাজ্য বিধানসভায় নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেছেন। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই অগ্নিমিত্রা যেভাবে দিনরাত এক করে কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় ‘সারপ্রাইজ ভিজিট’ করছেন, তার উল্লেখ করে ফিরহাদ নিজের সীমাবদ্ধতার কথাও স্বীকার করে নেন।

তিনি বলেন, “মাত্র আড়াই মাস আপনি সময় পেয়েছেন। তার মধ্যে আপনি যেভাবে চারিদিকে দৌড়াচ্ছেন, আমি হয়তো তা পারিনি। যেভাবে সকাল, সন্ধ্যায় বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন, আমি হয়তো সেটা করতে পারিনি। এটা আমি স্বীকার করছি।” ফিরহাদের এই মন্তব্যের পর তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী টিপ্পনি কাটলে, ফিরহাদ পালটা বলেন, “আমি আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আর আপনি আমাকে জোর করে বিরোধী বানানোর চেষ্টা করছেন।” শহরকে জলাভূমি বোজানোর সমস্যা থেকে মুক্তি দিতে অগ্নিমিত্রাকে পরামর্শও দেন ফিরহাদ।

তিনি বলেন, “পুরনো ইমারতের ভাঙা অংশ ফেলে বেআইনিভাবে জলাভূমি বোজানো হচ্ছে। পুলিশের সাহায্য নিয়ে শক্ত হাতে এটি বন্ধ করা উচিত। আমিও আমার সময়ে অনেক চেষ্টা করেছি। আপনি যেভাবে ছুটছেন, আপনি পারবেন এটা বন্ধ করতে।” এই প্রসঙ্গে তিনি বাম এবং কংগ্রেসকেও দোষারোপ করেন। ফিরহাদের এই প্রশংসা রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।