ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যজুড়ে সরকারি বাসে, এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত বাসেও, মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হতে চলেছে। দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত দীর্ঘ দূরত্বের যাত্রাতেও এই সুবিধা মিলবে।
এই উদ্যোগের ফলে রাজ্যের মহিলারা পরিবহনের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে, যা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। জানা গেছে, এই বিনামূল্যে পরিষেবা পেতে মহিলাদের আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে যাত্রী পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। দূরপাল্লার এসি সরকারি বাস বা লোকাল সরকারি বাস, সব ক্ষেত্রেই সচিত্র পরিচয়পত্র প্রমাণপত্র দেখানো দরকার। যদিও অনলাইনে বিনামূল্যে টিকিট বুকিংয়ের প্রক্রিয়া এখনও পুরোপুরি শুরু হয়নি, তবে আপাতত সরকারি বাসের কাউন্টার থেকে এই সুবিধা পাওয়া যাবে।
প্রসঙ্গত, ভবিষ্যতে একটি ‘শূন্য টাকার টিকিট’ বা ‘পিঙ্ক কার্ড’ চালু করার বিষয়েও ভাবনাচিন্তা চলছে, যা প্রক্রিয়াটিকে আরও সহজ করবে। দূরপাল্লার বাসের টিকিট অনলাইনে বুক করার জন্য যাত্রীরা https://wbtconline.in/home এই ওয়েবসাইটে যেতে পারেন। সেখানে বাসে ওঠার স্টপেজ, গন্তব্য এবং তারিখ উল্লেখ করে বাস সার্চ করতে হবে। এরপর পছন্দসই বাস ও সময় বেছে নিয়ে ‘Proceed to book’ অপশনে ক্লিক করতে হবে। নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে ইমেল বা মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে সহজেই টিকিট বুক করা যাবে। অফলাইনেও সরকারি বাসের কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। এই নতুন পরিষেবা ১ জুন থেকে কার্যকর হতে পারে বলে ইঙ্গিত মিলেছে, যা মহিলাদের জন্য এক বড় উপহার।








