রাজ্যে বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যানসার টিকা: ৩০ মে থেকে শুরু, কারা পাবেন, জানুন নিয়ম

পশ্চিমবঙ্গে ১৪-১৫ বছর বয়সী মেয়েদের জন্য বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যানসার টিকাকরণ শুরু হচ্ছে ৩০ মে থেকে। কারা পাবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ মহিলাদের মধ্যে জরায়ুমুখের ক্যানসারের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ৩০ মে থেকে রাজ্যে ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যানসারের টিকা (HPV Vaccine) দেওয়া শুরু হবে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই টিকাকরণ কর্মসূচি চলবে, যার লক্ষ্য ১০ লক্ষেরও বেশি কিশোরীকে অন্তর্ভুক্ত করা।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণ থেকে সুরক্ষাই এই টিকার মূল উদ্দেশ্য, যা পরবর্তীতে জরায়ুমুখের ক্যানসারের কারণ হতে পারে। এতদিন বেসরকারি হাসপাতালে এই টিকা ব্যয়বহুল হওয়ায় বহু পরিবার তা নিতে পারতেন না। এবার সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পেয়ে উপকৃত হবেন বহু মানুষ। এই বিশেষ কর্মসূচি মোট তিন মাস ধরে চলবে। জুন মাসে স্কুলভিত্তিক তালিকা তৈরি ও সমীক্ষার কাজ হবে। জুলাই মাসে মূল টিকাকরণ শুরু হবে এবং অগাস্ট মাসে যারা বাদ পড়বেন, তাদের জন্য আলাদা ক্যাম্পের ব্যবস্থা করা হবে।

কোল্ড স্টোরেজ, ইন্টারনেট পরিষেবা ও জরুরি চিকিৎসার ব্যবস্থা রয়েছে এমন সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেই টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত টিকাকরণ চলবে। টিকা নেওয়ার জন্য U-WIN পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে অথবা স্বাস্থ্যকর্মীদের সাহায্যেও রেজিস্ট্রেশন করা যাবে। টিকা গ্রহণের পর ডিজিটাল সার্টিফিকেটও দেওয়া হবে। তবে, গুরুতর অসুস্থ, অ্যালার্জির সমস্যাযুক্ত বা গর্ভবতী কিশোরীদের এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। খালি পেটে টিকা নিতে না আসার পরামর্শ দেওয়া হয়েছে এবং টিকা নেওয়ার পর কিছুক্ষণ পর্যবেক্ষণেও রাখা হবে।