পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনশুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়ইঘাট এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতা রাম পালের গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি বন্যাত্রাণের সামগ্রী, যার মধ্যে ত্রিপল ও হাঁড়ি কড়া সহ একাধিক জিনিস রয়েছে, উদ্ধার হয়েছে।
মঙ্গলবার দুপুর নাগাদ ওই নেতার গোডাউন থেকে প্রচুর ত্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী ট্রলিতে লোড করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এই দৃশ্য স্থানীয়দের নজরে আসতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা লরিটি আটকে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এবং বিশাল পুলিশ বাহিনী। ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তুমুল বচসা ও মারপিট শুরু হয়। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে রাম পালের বিরুদ্ধে সরকারি অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগও উঠেছিল।
উদ্ধার হওয়া সামগ্রী প্রসঙ্গে তৃণমূল নেতা রাম পালের দাবি, তাঁর গুদামটি উঁচু হওয়ায় পঞ্চায়েত প্রধান সেখানে এই দ্রব্যগুলি মজুদ রাখতে বলেছিলেন। কিন্তু পঞ্চায়েত পরবর্তীকালে জিনিসগুলো না নেওয়ায় সেগুলি তাঁর গুদামেই রয়ে গিয়েছিল। যদিও বিজেপি সমর্থকরা এই দাবি মানতে নারাজ। তাদের অভিযোগ, আমজনতার জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী ইচ্ছাকৃতভাবে মজুত রেখে কালোবাজারে বিক্রির পরিকল্পনা ছিল। পুলিশ সমগ্র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এদিকে, দক্ষিণ ২৪ পরগনার সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও এক পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে।








