গোরক্ষপুর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে: মাত্র ৬ ঘন্টায় গোরক্ষপুর থেকে শিলিগুড়ি!

গোরক্ষপুর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে তৈরি করছে NHAI। মাত্র ৬ ঘন্টায় গোরক্ষপুর থেকে শিলিগুড়ি! উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গকে জুড়বে এই ৬ লেনের সড়ক।

Share:

ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত সড়কপথে যাতায়াতের সময় এবার অনেকটাই কমতে চলেছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) একটি নতুন অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে, যার ফলে ১৪-১৫ ঘণ্টার পথ মাত্র ৬-৮ ঘণ্টায় অতিক্রম করা যাবে। ৫১৯ কিলোমিটার দীর্ঘ এই গোরক্ষপুর-শিলিগুড়ি এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গকে সংযুক্ত করবে।

ভারতমালা প্রকল্পের অধীনে আনুমানিক ৩২,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে প্রাথমিকভাবে ৬ লেনের হবে, যা ভবিষ্যতে ৮ লেনে প্রশস্ত করা যাবে। এই সড়কপথের সিংহভাগই বিহারের মধ্যে দিয়ে যাবে, যা রাজ্যের আটটি জেলাকে সরাসরি সংযুক্ত করবে। এর মধ্যে পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, শিবহর, সীতামারি, মধুবাণী, সুপাউল, আরারিয়া এবং কিষাণগঞ্জ জেলাগুলি উল্লেখযোগ্য। উত্তরপ্রদেশে প্রায় ৮৪ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে প্রায় ১৯ কিলোমিটার পথ অতিক্রম করে এটি দার্জিলিং জেলার শিলিগুড়িতে শেষ হবে।

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। এর ফলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে উত্তরপ্রদেশের তিনটি জেলায় ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ, বিহারেও ক্ষতিপূরণ ও অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে। NHAI নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়াও শুরু করেছে। এই প্রকল্প সম্পন্ন হলে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন আসবে।