ব্যুরো নিউজ, ৩০ জুন ২০২৬ঃ মঙ্গলবার ভোরে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় একটি ন্যাপথা পাইপলাইন ফেটে আগুন ধরে যায়। মুহূর্তে সেই আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত ৩৫ জন কর্মী ঝলসে গিয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। দমকলকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন, কারণ দাহ্য পদার্থ থাকায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং উদ্ধার ও ত্রাণ কার্য তদারকি করছেন। কীভাবে এই ভয়াবহ আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, ভোররাতে বাজ পড়া থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসন। পেট্রোকেমিক্যালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং এই মুহূর্তে সমস্ত কর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত। এই ধরনের শিল্পক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়, তবে এত সংখ্যক কর্মীর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।








