ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ দীর্ঘ ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে নিয়ন্ত্রণে এল হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে লাগা ভয়াবহ আগুন। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও, আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় ১৯ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন ও উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পেট্রোকেমিক্যাল সংলগ্ন রেললাইন দিয়ে ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার সকাল থেকে হলদিয়া-হাওড়া লোকাল ট্রেন হাতিবেড়া থেকে বন্ধ করে দেওয়া হয় এবং হলদিয়া দুর্গাচক স্টেশন থেকেই ট্রেন চলাচল করছে। দূরপাল্লার ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে।
দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে এলেও ওই এলাকার পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক। টানা আগুনের ফলে এলাকা প্রচণ্ড উত্তপ্ত হয়ে রয়েছে। তাপের কারণে যাতে পাইপলাইন ফেটে নতুন করে কোনও বিপর্যয় না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থল জল দিয়ে ঠান্ডা করার কাজ চলছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দমকল কর্মীরা ঘটনাস্থলে মোতায়েন থাকবেন বলে জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।








