ব্যুরো নিউজ, ৩১ জুলাই ২০২৬ঃ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) জঙ্গি যোগের অভিযোগে হাওড়ার যুবক হামিম মণ্ডলকে (২৪) গ্রেপ্তার করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কারণ হামিমের মোবাইল ফোন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গতিবিধির একাধিক ভিডিও উদ্ধার হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, মুখ্যমন্ত্রীই সম্ভবত জঙ্গিদের নিশানায় ছিলেন। বর্ধমান জেলার মন্তেশ্বরের বাসিন্দা হামিম হাওড়ার পিলখানা এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করত। নিজেকে কখনও আইটি ছাত্র, আবার কখনও ব্যবসায়ী বলে পরিচয় দিত সে।
STF সূত্রে খবর, হামিমের সঙ্গে পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড জঙ্গি শাহজাহাদ ভাট্টির নিবিড় যোগাযোগ ছিল। শাহজাহাদ একসময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত থাকলেও পরে জঙ্গি সংগঠনে নাম লেখায় এবং আইএসআই-এর সঙ্গে তার যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে। হামিমের মোবাইল থেকে তারকেশ্বর, অন্ডাল বিমানবন্দর, দুর্গাপুর এবং কলকাতার বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও রাস্তার ভিডিও পাওয়া গেছে। এগুলি কোনও সংবাদ ক্লিপিং নয়, বরং হামিমের নিজের ফোনে তোলা।
কেন সে মুখ্যমন্ত্রীর গতিবিধি নজরে রাখত, তা জানতে তাকে জেরা করা হচ্ছে। গোয়েন্দারা দাবি করছেন, সমাজ মাধ্যমেই হামিম ও শাহজাহাদের যোগাযোগ হয় এবং হামিমকে রাজ্যে কিছু কাজের বরাত দেওয়া হয়েছিল। গত ৩০ জুলাই সকালে হামিমকে গ্রেপ্তার করা হয় এবং বর্ধমান আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় রাজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।








