ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৬: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার ৪ নম্বর স্যান্ডেলবিল এলাকায় এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আশিক সরদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার সন্ধ্যায় নাবালিকার মা-বাবা বাড়ির বাইরে থাকার সুযোগে অভিযুক্ত আশিক সরদার ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায়। এরপর জঙ্গলের মধ্যে হাত-পা চেপে ধরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আশিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নাবালিকাকে উদ্ধার করে তার বাড়িতে ফিরিয়ে আনে এবং তার মা-বাবাকে খবর দেয়। খবর পেয়ে নাবালিকার মা-বাবা তড়িঘড়ি বাড়ি ফিরে হিঙ্গলগঞ্জ থানায় গিয়ে আশিক সরদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ আশিককে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ধৃত আশিক সরদারের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে বসিরহাট আদালতে পেশ করা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। ইতিমধ্যে নাবালিকার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং দ্রুত তাকে আদালতে পেশ করে বিচারকের কাছে জবানবন্দি করানোর প্রক্রিয়া শুরু করা হবে। এই জঘন্য ঘটনায় এলাকার মানুষ অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে।








