অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ: রাজ্যে জেলায় জেলায় তৈরি হচ্ছে ‘হোল্ডিং সেন্টার’

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও ফেরত পাঠাতে রাজ্য সরকার জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় নির্দেশিকা মেনে দ্রুত পদক্ষেপের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ :  রাজ্যে অনুপ্রবেশ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতে প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর (ফরেনার্স ব্রাঞ্চ, SAARC ভিসা সেকশন) এই মর্মে সমস্ত জেলাশাসকের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছে।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) ফরেনার্স ডিভিশন থেকে জারি হওয়া নির্দেশিকার ভিত্তিতেই রাজ্য সরকার এই পদক্ষেপ করছে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে ধৃত বিদেশি নাগরিক এবং সাজা শেষ হওয়ার পরেও যাঁদের ফেরানো বাকি, তাঁদের রাখার জন্য প্রতিটি জেলায় পৃথক হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। গত ২৩ মে ২০২৬ তারিখে জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিত করে তাঁদের ডিপোর্টেশন বা রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে কেন্দ্রের নির্ধারিত গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে হবে। সেই অনুযায়ী জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশের কপি রাজ্যের ডিজি ও আইজিপি, সমস্ত পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ সুপার এবং কলকাতার FRRO-র কাছেও পাঠানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, সীমান্তবর্তী রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্যের নজরে রয়েছে। ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ – এই ফর্মুলাতেই এবার কাজ করবে রাজ্যের নতুন সরকার।